ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০২ এপ্রিল ২০২৩ ১২:৪৭
ছবি: বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
শসা একটি লাভজনক ও অর্থকরী সবজি। দেশে হাইব্রিড জাতের অনেক শসাই চাষ হয়ে থাকে। এ জাতের শসার ফলন অনেক বেশি। জাতভেদে বীজ রোপণের ৩৫-৪০ দিন পর থেকেই ফল তোলা যায়। অল্প পুঁজিতে লাভ বেশি হওয়ায় এ সবজি চাষ করে লাভবান হয়েছেন যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মনজুরুল আহসান।
উন্নত মালচিং পদ্ধতিতে এগ্রো-১, সাবিরা জাতের শসা বিঘাপ্রতি জমিতে চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন চাষি মনজুরুল আহসান। তার শসাখেতে ৮ থেকে ১০ জন নারী শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। ইন্টারনেট দেখে বগুড়া থেকে বীজ সংগ্রহ করে শসা চাষাবাদ শুরু করেন তিনি।
৭০ হাজার টাকা খরচ করে চারবার শসা বিক্রি করে এরই মধ্যে আয় করেছেন ৬০ হাজার টাকা। এখনো ৭০ থেকে ৮০ হাজার টাকার শসা বিক্রির আশা করছেন তিনি।
চলতি মৌসুমে শার্শা উপজেলায় ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে সবজি উৎপাদন হয়েছে এবং শসা উৎপাদন হয়েছে ৫০ হেক্টর জমিতে। উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সবজি চাষে সহযোগিতা এবং উৎসাহ দেওয়া হচ্ছে।
ইউএইচ/এইচআই