ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৯ মার্চ ২০২৩ ১২:২৭
ছবি: বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
ফুলের পসরা সাজিয়ে বসেছেন পাইকারি ব্যবসায়ীরা। এ যেন শত বাগানের দৃষ্টিনন্দন নানা প্রজাতির ফুলের সন্ধি। লাল, হলুদ ও নীলসহ বিভিন্ন রংয়ের ছড়াছড়ি। মন মাতানো এই ফুলে ভরপুর রাজধানীর শাহবাগ ফুলের পাইকারি বাজার। ঢাকার মধ্যে সবচেয়ে বৃহৎ ফুলের বাজার এটি। প্রতিদিন ভোরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবেরাসহ বিভিন্ন তরতাজা ফুলের সমারহ এখানে। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের খুচরা ফুল বিক্রেতারা এখানেই ফুল কিনতে আসেন।
কাকডাকা ভোর থেকে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে শাহবাগের ফুলের বাজার। ছোট-বড় মিলিয়ে দোকান রয়েছে ৫১টি। ফুল বেচাকেনার জন্য মূলত শাহবাগ শিশুপার্কসংলগ্ন স্থান থাকলেও ফুটপাত ও সড়কের পাশঘেঁষে লাল, হলুদ, সাদা রঙের গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, ডালিয়া, গাজানিয়া জারবেরা, চন্দ্রমল্লিকাসহ দেশি-বিদেশি নানান জাতের ফুলের পসরা পুরো এলাকাজুড়ে। দূর থেকেও মিলছে সতেজ ফুলের ঘ্রাণ। দিনভর ক্রেতারা এসে কিনে নিয়ে যান পছন্দের ফুল।
বিশেষ দিনগুলোতে ফুলের চাহিদা থাকে সর্বাধিক। আর তখন শাহবাগ ফুলের দোকানগুলোতে ফুল বিক্রির পরিমাণ বেড়ে যায় অনেক গুণ। দিবসগুলোকে ঘিরে বিশাল প্রস্তুতি নিয়ে থাকেন ব্যবসায়ীরা।
চলছে পবিত্র রমজান মাস। এই মাসে বিশেষ উদযাপনের পরিসর তুলনামূলক ছোট হয়। বেচাকেনাও তেমন একটা নেই। তবে অন্যান্য দিনে এখানে গড়ে ১০ থেকে ১২ লাখ টাকার ফুল বিক্রি হয় বলে জানান শাহবাগ ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ।
যশোর, চুয়াডাঙ্গা, সাভার, নারায়ণগঞ্জ থেকে বেশি ফুল আসে এখানে। তা ছাড়া দেশের বাইরে চায়না, ভারত, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে ফুল আমদানি করা হয়ে থাকেও বলে জানান তিনি। সুদীর্ঘ ৪০ বছর ধরে চলে আসা এই সুবৃহৎ ফুলের বাজার বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে বলে মনে করেন ব্যবসায়ীরা।
ইউএইচ/এইচআই