উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২২ মার্চ ২০২৩ ১১:১৪



কোয়েল খামার থেকে মাসে ২ লাখ টাকা আয় করেন পটুয়াখালীর নাঈম (ভিডিও)

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২২ মার্চ ২০২৩ ১১:১৪


ছবি: বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর

পটুয়াখালীর কলাপাড়া পৌর এলাকার মাহবুবুল আলম নাঈম। ২০২০ সালে শখের বসে ৩০০ কোয়েলের বাচ্চা সংগ্রহ করে গড়ে তোলেন কোয়েল খামার। লাভ ভালো হওয়ায় পরবর্তীতে এক হাজার কোয়েল দিয়ে বাণিজ্যিকভাবে শুরু করেন কোয়েল ব্যবসা। বর্তমানে তার খামারের তিনটি শেডে রয়েছে প্রায় ৩ হাজার কোয়েল পাখি।

প্রতিনিয়ত এ খামার থেকে তার সংগ্রহ হচ্ছে ৩ হাজার পিস ডিম। প্রতিটি ডিম পাইকারি ৩ টাকা দরে বিক্রি করছেন। শুধু কোয়েল পাখিই নয়, এর পাশাপাশি নাঈম পালন করছেন কিছুসংখ্যক সোনালি, লেয়ার ও টারকি মুরগি। এসব মুরগির মাংস ও কোয়েল পাখির ডিম বিক্রি করছেন নিজের সেল সেন্টারে বসেই। খরচ বাদে তার মাসে আয় এখন প্রায় ২ লাখ টাকা। খামার থেকে অধিক লাভবান হওয়ায় অনেক খুশি এ কোয়েল খামারি। নাঈমের এ সাফল্য দেখে এলাকার অনেক যুবকই আগ্রহী হচ্ছেন কোয়েল পাখি পালনে।

উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে নাঈমকে সব ধরনের সুযোগ-সুবিধা এবং পরামর্শ দেওয়া হয়েছে। তাই কোয়েল পালনে সফল হয়েছেন নাঈম। তার মতো আরও অনেক যুবককে সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বী করে তোলা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কলাপাড়া যুব উন্নয়ন কর্মকর্তা  কমল চন্দ্র শীল।

কোয়েল পাখির ডিম অত্যন্ত পুষ্টিকর। মানবদেহের প্রোটিন, ফ্যাট, কাবোর্হাইড্রেট, ক্যালসিয়ামসহ নানাবিধ চাহিদা পূরণে অল্প দামে কোয়েল পাখির ডিম খাওয়া যেতে পারে বলে মনে করেন পুষ্টিবিদরা।

ইউএইচ/এইচআই