নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২২ মার্চ ২০২৩ ১০:২৬
ছবি: বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
ঈদ মানেই দেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য নতুন নতুন সিনেমার খবর। কারণ, ঈদে দর্শকরা সিনেমা হলে যাবেন না- তা কি আর হয়! প্রতিবছর ঈদ উপলক্ষে মুক্তি পায় নতুন নতুন ছবি। ঈদকে সামনে রেখে দর্শকরা যেমন মুখিয়ে থাকেন, তেমনি নির্মাতা, প্রযোজকদের মধ্যেও থাকে সিনেমার মুক্তি নিয়ে তোড়জোড়। আসছে ঈদুল ফিতরে থাকছে না এর ব্যতিক্রম। এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে কমপক্ষে ৮টি সিনেমা। এ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হল মালিকরাও।
ঈদের মুক্তির অপেক্ষায় বর্তমানে শেষ মুহূর্তের শুটিংয়ে ব্যস্ত ‘কিল হিম’ সিনেমার প্রযোজক ও পরিচালক ইকবাল, সিনেমার নায়ক-নায়িকা অনন্ত-বর্ষা দম্পতিকে নিয়ে কাশ্মীরে গানের শুটিংয়ে রয়েছেন তিনি। অন্যদিকে রোজার শুরুতেই শাকিব খান ও জাহারা মিতুকে নিয়ে ‘আগুন’-এর শেষ তিনটি গানের শুটিংয়ে নামবেন বদিউল আলম। সিয়াম ও বিদ্যা সিনহার ‘অন্তর্জাল’ সিনেমার সব কাজ শেষ করেছেন দীপঙ্কর। পরিচালক দীপঙ্কর দীপন জানান, সব চূড়ান্ত হচ্ছে। আগামী সপ্তাহ থেকে প্রচারে আসবেন তিনি।
গত দুই বছর করোনার কারণে ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে সিনেমা মুক্তি থেকে সরে আসেন প্রযোজকরা। কিন্তু এবার ঝুঁকি নিয়েই ছবি মুক্তি দিতে চান তারা। একাধিক প্রযোজক ও পরিচালক জানান, তারা কেউই সিনেমা মুক্তি থেকে সরে আসতে চান না। একদিকে হল সংকট,অন্যদিকে মুক্তির অপেক্ষায় অনেক সিনেমা, সব মিলিয়ে সিনেমা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে তাদের।
এ বিষয়ে ‘লাল শাড়ি’র পরিচালক বন্ধন বিশ্বাস জানান তারা ঈদেই মুক্তি দেবেন সিনেমাটি। অপু বিশ্বাস ও তার টিম সিনেমাটির হল বুকিংসহ মুক্তিসংশ্লিষ্ট কাজগুলো নিয়ে এগোচ্ছে। জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলিমুল্লাহ খোকন জানান, এই ঈদে তাদের দুটি সিনেমা মুক্তি পাবে। গত ঈদুল ফিতরে ‘গলুই’ নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছিলেন সুপারস্টার শাকিব খান। প্রস্তুত থাকলেও এর মধ্যে শাকিবের কোনো সিনেমা মুক্তি পায়নি। এবার ঈদে মুক্তির অপেক্ষায় শাকিবের ২টি সিনেমা। এর মধ্যে একটি `আগুন' ও আর একটি ‘লিডার আমিই বাংলাদেশ’ ।
মুক্তির অপেক্ষায় রয়েছে সজল ও পূজা চেরির ‘জ্বিন’, রোশান ও ববির ‘পাপ’, বাপ্পী ও জাহারা মিতুর ‘শক্র’, আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর ‘নূর’। নূর সিনেমার পরিচালক রায়হান রাফি জানান, ঈদে তার একটি সিনেমা মুক্তি পাবে। সেটা ‘নূর’ কিনা, এখনই নিশ্চিত নন তিনি। এই ঈদে এখন পর্যন্ত ৮ টির বেশি সিনেমা মুক্তি তালিকায় রয়েছে। অথচ এই মুহূর্তে সারা দেশে ৪৫টি মতো হল চালু রয়েছে। ঈদে এই সংখ্যা বেড়ে হয়তো ১৫০ হবে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা আলাউদ্দীন মিয়া জানান, একসঙ্গে এত সিনেমা গত ২০ বছরেও কোনো ঈদে মুক্তি পায়নি।
গত বছর ‘পরাণ’ ও ‘হাওয়া’ ঢালিউডে সুবাতাস বইয়ে দিলেও সেই হাওয়া আর অন্য কোনো সিনেমায় লাগেনি। গত সাত–আট মাসে নিয়মিত সিনেমা মুক্তি পেলেও কোনোটাই আর লাভের মুখ দেখেনি। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ঢালিউডের দুঃসময়ে ঈদই ভরসা, যে কারণে শেষ পর্যন্ত সবাই চাইবেন, ঈদে সিনেমা মুক্তি দিয়ে দুই-তিন সপ্তাহে বিনিয়োগ তুলে আনতে।