নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৫ মার্চ ২০২৩ ১০:৫৪
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
আসন্ন পবিত্র
রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিশেষ ছাড় ঘোষণা করেছে ই-কমার্স সাইট অ্যামাজন।
এ ক্ষেত্রে অ্যামাজনের ওয়েবসাইট থেকে পণ্য কেনাকাটা করলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন
গ্রাহকরা।
অ্যামাজনের
প্রাইম মেম্বার বা গুরুত্বপূর্ণ সদস্যরা সোমবার থেকেই ছাড় পাচ্ছেন। এই ছাড় চলবে ২১
মার্চ পর্যন্ত। অ্যামাজন এক বিবৃতিতে জানিয়েছে, ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হবে
এবং অ্যামাজনের সহযোগী ব্যাংকগুলোও অতিরিক্ত ডিসকাউন্ট সুবিধা দেবে। দুবাইয়ের কিছু
নির্বাচিত এলাকার গুরুত্বপূর্ণ সদস্যরা ‘ফ্রেশ গ্রোসারি’ নামক ক্যাটাগরি থেকে বিভিন্ন
ডিলের আওতায় পণ্য কিনতে পারবেন। পাশাপাশি বাহরাইন, ওমান ও কুয়েতের গ্রাহকেরাও পণ্য
কেনায় ছাড়ের সুবিধা পাবেন।
এদিকে এ
বিষয়ে অ্যামাজন জিসিসির খুচরা বিক্রিবিষয়ক পরিচালক স্টেফানো মার্টিনেলি বলেন, এ অঞ্চলে
রমজান মাসকে বছরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও অর্থবহ মাস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
আমরা আবারও রমজান মাস উপলক্ষে গ্রাহকদের সুবিধার্থে উদ্যোগ নিয়েছি। এ ছাড়া সুবিধার
আওতায় তাদের সাশ্রয় হওয়ার পাশাপাশি সময়ও বাঁচবে।
রমজানের প্রথমদিনে ‘গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি’ নামের একটি উইশ লিস্টও চালু করবে অ্যামাজন। এর মাধ্যমে গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে তা ইমিরেটস রেড ক্রিসেন্টকে দান করে দিতে পারবেন। এরপর ইমিরেটস রেড ক্রিসেন্ট তা অভাবী পরিবারগুলোর মধ্যে বিলিয়ে দেবে।
এইচআই/