নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৫ মার্চ ২০২৩ ১০:৩৮
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২০২৩ সালের
শুরু থেকে নতুন কারিকুলামে পাঠদান চলছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে। এ দুই শ্রেণির শিক্ষার্থীদের
মূল্যায়নে কোনো প্রচলিত পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়া যাবে না বলে জানিয়েছে মাধ্যমিক
ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। সোমবার (১৩ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে
এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। একইভাবে পরিবর্তন এসেছে পাঠদান পদ্ধতিতে। কী কী পরিবর্তন থাকছে এবারে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান প্রক্রিয়ায়, চলুন জেনে নেওয়া যাক।
জাতীয় শিক্ষাক্রম
রূপরেখা-২০২১-এর আলোকে এ বছর প্রণীত হয়েছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণি নতুন পাঠ্যপুস্তক। ইতোপূর্বে
এ কার্যক্রম বাস্তবায়নের জন্য বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষকদের। নতুন এই
শিক্ষাক্রমে মোট বিষয় আছে ১০টি। শিক্ষকদের ক্লাসের শিখন মূল্যায়ন ও দলবদ্ধ শিখন
মূল্যায়নের মধ্য দিয়ে বার্ষিক ফলাফল তৈরির নির্দেশনা দিয়েছে এনসিটিবি।
কিন্তু এরই
মাঝে মার্চ মাসে বিভিন্ন স্কুলে শ্রেণি পরীক্ষা ও মডেল টেস্ট নেওয়ার অভিযোগ আসতে থাকলে
১৩ তারিখ বিশেষ এক প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এই
প্রজ্ঞাপনে বলা হয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদানের ক্ষেত্রে এনসিটিবি কর্তৃক প্রণীত
শিক্ষক সহায়িকা ও শিক্ষাক্রমের নির্দেশনা মোতাবেক পাঠদান করতে হবে। এই দুটি ক্লাসের
শিক্ষার্থীদের শিখন মূল্যায়নের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা যেন না নেওয়া হয়, সেই ব্যাপারে
নজরদারির আদেশ দেয়া হয়েছে।
এই আদেশের পরপরই অনেক বিদ্যালয়ে চলমান পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে । সমস্যা সমাধানে শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, উপজেলা/থানা একাডেমিক সুপারভাইজার, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, আঞ্চলিক উপপরিচালক এবং আঞ্চলিক পরিচালকদের নিয়মিত নজরদারির আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
এইচআই/