নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৭ মার্চ ২০২৩ ১২:২৭
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
ভারতের পশ্চিমবঙ্গে
ভয়াবহ আকার ধারণ করেছে নতুন অ্যাডিনো ভাইরাস। রবিবার (৫ মার্চ) মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে
কলকাতার একটি হাসপাতালে মুত্যু হয় ৬ শিশুর। রাজ্যটিতে গত দুই মাসে ভাইরাল ফিভার এবং
নিউমোনিয়ায় মারা গেছে শতাধিক শিশু। এদের সবাই অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে
পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভাইরাসটিতে
আক্রান্তের হার সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। রাজ্য সরকারের পক্ষ থেকে
এখনো ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর সঠিক পরিসংখ্যান প্রকাশ হয়নি। তবে ভারতীয় কয়েকটি
গণমাধ্যম বলছে, শুধু গত দুই মাসেই সংক্রামক এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে অন্তত ১০০ শিশুর
মৃত্যু হয়েছে।
এ ঘটনায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক
করেছেন। এরপরই ছুটি বাতিল করে শিশুদের চিকিৎসায় অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দিয়েছে রাজ্য
সরকার।
কর্তৃপক্ষের
নির্দেশে শ্বাসতন্ত্রের সংক্রমণ, সর্দি, কাশি ও জ্বর ছাড়াও শিশুদের শারীরিক সমস্যার
বিষয়ে তথ্য সংগ্রহ করার কথা বলা হয়েছে। এ জন্য বাড়িতে গিয়ে সমীক্ষা চালাবেন স্বাস্থ্যকর্মীরা।
অ্যাডিনো ভাইরাসে সংক্রমণের তীব্রতা বিবেচনা করে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরকে তথ্য
দেবে তারা।
সেই সঙ্গে কোনো শিশু অসুস্থ হলে তাকে সব ধরনের সহায়তা করা ও নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতেও
সাহায্য করবেন স্বাস্থ্যকর্মীরা। কয়েক মাস আগে করোনার ভয়াবহ থাবা দেখেছে বিশ্ব। সেই
ভয়াবহতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ভারত। তখন অ্যাডিনো ভাইরাসের এই সংক্রমণ আরও কী ধরনের আতঙ্ক ছড়ায় পশ্চিমবঙ্গে, সেটার চিন্তার বিষয়।
ইউএইচ/