নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৯
ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
ধরুন, একজন চাকরিজীবী অফিস শেষে
বাসায় ফেরার সময় স্মার্টফোন কিংবা স্মার্ট ওয়াচ জানিয়ে দিল, সড়কে কতটা যানজট আছে এবং
বাসায় পৌঁছাতে সময় লাগবে। বার্তাটি বাসার শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এসির কাছেও চলে
যাবে। ওই চাকরিজীবী বাসায় প্রবেশের আগে এসিটি একাই চালু হয়ে যাবে। এরপর বাসার দরজার
সামনে দাঁড়ালেই তাও খুলে যাবে। ক্যামেরা ওই চাকরিজীবীর চেহারা স্ক্যান করে মেজাজও ধরে
ফেলতে পারবে। পরে ক্যামেরার এই তথ্য অডিও সিস্টেমে গিয়ে তার মেজাজ অনুযায়ী গান চালিয়ে
দেবে। এ ঘটনায় যত যন্ত্র ব্যবহার হয়েছে, সেগুলো মূলত ইন্টারনেটের মাধ্যমে একটির সঙ্গে
আরেকটি যুক্ত ছিল।
সহজ করে বলতে গেলে, ‘ইন্টারনেট
অব থিংস’ বা আইওটি হলো মানুষ ও বিভিন্ন যন্ত্র নিয়ে গড়ে ওঠা বিশাল এক নেটওয়ার্ক। এই
নেটওয়ার্কের মাধ্যমে যন্ত্রগুলো তথ্য সংগ্রহ ও আদান-প্রদান করে থাকে এবং পরিবেশ-পরিস্থিতি
অনুযায়ী এসব তথ্য বিশ্লেষণ করে কাজে লাগাতে পারে।