নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৪ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫৬



বৃদ্ধাশ্রমে ১৭০ জনকে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন নার্স মিল্টন সমাদ্দার (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৪ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫৬


ছবি: বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

রাজধানীর মিরপুরের চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার। অসহায় বয়স্ক ও শিশুদের ফ্রি-তে থাকা এবং খাওয়ার জন্য এ আশ্রমটি গড়ে তোলা হয়েছে। পরিবারহীন হয়ে পড়া বয়স্ক বাবা-মা ও শিশুরা এখানে এসে পান নতুন এক পরিবার। অসহায় মানুষদের সেবা দেওয়া ও তাদের নিরাপদে অবসর জীবন কাটানোর বন্দোবস্ত করে দিতে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার গড়ে তুলেছেন নার্সিং পেশায় যুক্ত মিল্টন সমাদ্দার।

২০১৪ সালে একজন বৃদ্ধকে রাস্তায় অসুস্থ অবস্থায় পান মিল্টন সমাদ্দার। মিল্টন সমাদ্দার পেশায় একজন নার্স। তিনি অসুস্থ বৃদ্ধকে মিরপুরে নিজের বাড়িতে নিয়ে চিকিৎসা করার মনোস্থির করেন। ধীরে ধীরে বৃদ্ধকে সুস্থ্য করে তোলেন। এরপরই মিল্টন সমাদ্দারের ভাবনায় আসে অসহায় মানুষদের থাকার জন্য একটি বৃদ্ধাশ্রম গড়ে তোলার পরিকল্পনা। প্রথমে একটি টিন সেডের বাসা ভাড়া নিয়ে অসহায় কয়েকজন মানুষের থাকার ব্যবস্থা করেন।

২০১৮ সালে এ আশ্রমে মানুষের সংখ্যা ছিল ২৫ জন। এরপর ওই বছরই সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার’ নামে এ আশ্রমের রেজিস্ট্রেশন পান মিল্টন সমাদ্দার। বর্তমানে ১৩৫ জন বৃদ্ধ নারী-পুরুষ ও মানসিক রোগী এবং ৩৫ জন প্রতিবন্ধী শিশু নিয়ে মোট ১৭০ জন রয়েছে এ আশ্রমে। যাদের বেশির ভাগই অসুস্থ। ছোট এক কক্ষে একসঙ্গে ৬ জন এবং বড় কক্ষে ৯ জন করে থাকার ব্যবস্থা আছে এ আশ্রমে। এসব মানুষের চিকিৎসা দেওয়া থেকে শুরু করে তিনবেলা খাবারের ব্যবস্থাও রয়েছে এখানে।

আশ্রম পরিচালনায় প্রতিমাসে ৮ লাখ টাকার ওষুধসহ মোট ২৮ লাখ টাকা খরচ হয় বলে জানান মিল্টন সমাদ্দার। এ অর্থের বেশিরভাগই আসে বিভিন্ন শুভাকাঙ্খীদের কাছ থেকে। এছাড়া এ আশ্রমের কার্যক্রমের বিষয়ে দুটি ফেসবুক পেজ চালানো হয়, সেখান থেকেও দেশ-বিদেশ থেকে অনেকেই অনুদান দিয়ে থাকেন।

এ আশ্রমে থাকা পরিচয়হীন মানুষদের চিকিৎসা করাতে অনেক সবচেয়ে বেশি প্রতিবন্ধকতায় পড়ার কথা জানিয়ে মিল্টন সমাদ্দার বলেন, রাজধানীর হাসপাতালগুলো পরিচয় না থাকলে চিকিৎসা সেবা দিতে চায় না। এছাড়া অসহায় এসব মানুষদের স্থায়ীভাবে রাখার জন্য সাভারে সাততলা বাড়ির কাজ করছেন এবং সেখানে মসজিদ ও কবরস্থান করার পরিকল্পনার কথাও জানান চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের এ পরিচালক।

ইআ/ ইউএইচ