ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৩ আগস্ট ২০২৩ ০৭:৩৮



চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ৯০ কিলোমিটার দৃশ্যমান, সেপ্টেম্বরে চালুর আশা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৩ আগস্ট ২০২৩ ০৭:৩৮


আর মাত্র কদিন পরই ট্রেনে যাওয়া যাবে পর্যটন নগরী কক্সবাজারে। সেই লক্ষে শেষ মহুর্তের কাজে ব্যস্ততা আরও বেড়েছে। এরইমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের ৯০ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। নির্মাণকাজ বাকি আছে মাত্র ১০ কিলোমিটার। পুরো প্রকল্পের অগ্রগতি এখন ৮৭ শতাংশ। সেপ্টেম্বরের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষে, ট্রেন কক্সবাজার যাবে এমন আশা প্রকল্প সংশ্লিষ্টদের। বাকি ১৩ শতাংশ কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে বলে জানা গেছে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজারে আইকনিক স্টেশনের কাজও শেষ পর্যায়ে। কক্সবাজার সমুদ্রসৈকত থেকে মাত্র তিন কিলোমিটার দূরে নির্মাণ ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দন এই রেল স্টেশন। যা দেশের একমাত্র আইকনিক রেল স্টেশন। এখন শুধু এ স্টেশনের ফিনিশিংয়ের কাজ বাকি আছে। স্টেশনটিতে আবাসিক হোটেলের পাশাপাশি ক্যান্টিন, লকার, গাড়ি পার্কিং ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে। পর্যটকরা স্টেশনের লকারে লাগেজ রেখে সারাদিন সমুদ্রসৈকতে বা দর্শনীয় স্থানে ঘুরতে পারবেন। এই স্টেশন দিয়ে দিনে ৪৬ হাজার মানুষ আসা-যাওয়া করতে পারবেন।

এদিকে, দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ১০০ কিলোমিটার রেলপথে কক্সবাজার আইকনিক স্টেশনসহ মোট স্টেশন থাকছে ৯টি। বাকি আট স্টেশন হলো– দোহাজারি, সাতকানিয়া, লোহাগাড়া, হারবাং, চকরিয়া, ডুলাহাজরা, ইসলামাবাদ ও রামু। এসব স্টেশনের কাজও এখন শেষ পর্যায়ে। এ রেললাইনে সাঙ্গু, মাতামুহুরী, ডলু, ঈদগাঁও ও বাঁকখালী নদীর ওপর নির্মাণ করা হয়েছে ছয়টি বড় রেল সেতু। এছাড়া এই রেলপথে নির্মাণ করা হয়েছে ৩৯টি ছোট-বড় সেতু, ২০১টি কালভার্ট এবং ১৪৪টি লেভেল ক্রসিং।

সাতকানিয়ার কেঁওচিয়া এলাকায় তৈরি হচ্ছে একটি ফ্লাইওভার। রামু, সাতকানিয়া ও কক্সবাজার লিংক রোডে নির্মাণ করা হচ্ছে তিনটি হাইওয়ে ক্রসিং। হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর চলাচলে ৫০ মিটারের একটি ওভারপাস ও তিনটি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে।

জেডএস/