নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০১ আগস্ট ২০২৩ ০৫:২৫
ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
পিরোজপুর
জেলার নেছারাবাদ বা স্বরুপকাঠী উপজেলার পশ্চিম কুনিয়ারী গ্রাম। দেখে মনে হবে এ যেন
এক নার্সারি গ্রাম। এখানকার নার্সারি বিপ্লবে বদলে গেছে গ্রামের জীবনধারা।
বরিশাল থেকে
সড়কপথে বানারীপাড়া হয়ে নেছারাবাদ যাওয়ার পথে চোখে পড়ে একের পর এক নার্সারি। এ সড়কের
অলঙ্কারকাঠি নার্সারির প্রাণকেন্দ্র। ভারত ও বগুড়ার থেকে বীজ এনে প্রথমে করা হয়েছে
এ নার্সারি গ্রাম।
গ্রামটির
প্রায় সব মানুষেরই রয়েছে নার্সারি। এখান থেকে আসা আয়ে তারা এখন শুধু স্বাবলম্বীই নন,
সচ্ছলও হয়ে উঠছেন। ফলে এই গ্রামে এখন আর কেউই বেকার নেই বললেই চলে।
জানা গেছে,
প্রথমে শখের বশে গাছের চারা উৎপাদন করতো স্থানীয়রা। এরপর গত কয়েক বছরে তারা নার্সারির
বিপ্লব ঘটিয়েছেন। উপজেলার ৭ ইউনিয়নের ৩৮ গ্রামে ৪৮৫ হেক্টর জমিজুড়ে রয়েছে ফলজ, বনজ
ও ফুল গাছের প্রায় ২ হাজার নার্সারি। এতে ভাগ্য ফিরেছে এলাকার মানুষের। এ সাফল্য দেখে
নার্সারি ছড়িয়ে পড়েছে পাশের বানারীপাড়া ও উজিরপুর উপজেলায়ও।
নার্সারির
কয়েকজন শ্রমিক জানান, অন্য কাজের চেয়ে নার্সারির কাজে কষ্ট কম। তাছাড়া সারা বছর কাজও
থাকে। এসব কারণেই নার্সারির কাজে স্বচ্ছন্দবোধ করেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ শ্রমিক।
এমনকি শিক্ষার্থীরাও তাদের অবসর সময়ে কাজ করছেন নার্সারিতে।
বিভিন্ন
এনজিও এবং দু-একটি বিশেষায়িত ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে কেউ নিজের এক টুকরো জমিতে,
কেউ আবার অন্যের জমি বর্গা নিয়ে গড়ে তুলেছেন স্বপ্নের নার্সারি।
ধান, গম
ও অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় নার্সারিতে ঝুঁকেছেন এ এলাকার মানুষ। এ ব্যাপারে
স্থানীয় কৃষি বিভাগ সব ধরণের সহযোগীতা দিচ্ছে বলে জানান তারা।
জেডএস/