নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৭ জুলাই ২০২৩ ০২:১৬



ফুলবাড়ীতে চাষ হচ্ছে সৌদির আজওয়া ও মরিয়ম খেজুর

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৭ জুলাই ২০২৩ ০২:১৬


ছবি : বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

ধান ও লিচুর জেলা হিসেবে পরিচিত দিনাজপুর। তবে আলোচনা এখন অন্য কারণে। সেই জেলার ফুলবাড়ীতে চাষ হচ্ছে সৌদি আরবের মরিয়ম, আজওয়া, খলিজি, মেডজল ও আম্বার জাতের খেজুর। মরুর এই ফলের চাষ অনেকটা কঠিন হলেও সেটাকেই বাস্তবে রূপ দিয়েছেন, ফুলবাড়ী উপজেলার স্বজন পুকুর গ্রামের জাকির হোসেন। নিজের ২০ শতাংশ জমিতে খেজুর চাষ শুরু করেছেন তিনি।

জানা যায়, জাকির হোসেন প্রায় ২০ বছর কুয়েতে ছিলেন। সেখানে থাকা অবস্থায় তার মাথায় চিন্তা আসে দেশের মাটিতে কীভাবে খেজুর চাষ করা যায়। এক পর্যায়ে দেশে আসার সময় ১২ কেজি খেজুর কিনে এনে দেশে চারা তৈরির চেষ্টা করেন। আর তাতেই সফলতা ধরা দেয় তার কাছে।

এরপর তিনি ২০ শতাংশ জমিতে ১৯টি খেজুর গাছের চারা রোপণ করেন। তার রোপণ করা বাগানে রয়েছে মরিয়ম, আজওয়া, খলিজি, মেডজল ও আম্বার জাতের খেজুর গাছ। গাছের বয়স ৪ থেকে ৬ বছর। ২০২২ সালে তার বাগানের ৩টি গাছে প্রথম খেজুর আসে। এ বছর তার বাগানের সব গাছে ফল এসেছে। আর ১৫ থেকে ২০ দিনের মধ্যেই ফল পাকবে।

এরই মধ্যে অনেকেই ফল কেনার জন্য যোগাযোগ করছেন। প্রতিকেজি খেজুরের দাম ৪০০ টাকা করে বলছেন তারা। একই সঙ্গে অনেকেই চারার জন্য যোগাযোগ করছেন। বর্তমানে ওই বাগানে এক হাজার খেজুর চারা তৈরি হয়েছে। এতে করে ভালো লাভবান হওয়ার আশা করছেন তিনি।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, উপজেলায় এই প্রথম একজন কৃষক সৌদির খেজুর চাষ করছেন বলে শুনেছি। উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে বাগানের খোঁজ রাখছেন বলে জানান তিনি।

জেডএস/