ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২২ জুলাই ২০২৩ ০৬:৫২
ছবি : সংগৃহীত
ইন্টার মায়ামির
হয়ে নিজের অভিষেকটা স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। খেলা প্রায়
শেষ, চলছে ম্যাচের ইনজুরি সময়। দর্শকরাও বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই দুর্দান্ত
ফ্রি কিক থেকে গোল করেন মেসি। পছন্দের তারকার এমন গোলে মায়ামির স্টেডিয়ামে উল্লাসে
ফেটে পড়ে হাজার হাজার সমর্থক। তাদের এমন উল্লাসের দিনে মেক্সিকান ক্লাব ক্রুস আজুলকে
২-১ গোলের দুর্দান্ত এক জয় পায় ইন্টার মায়ামি। আর অভিষেকেই মেসি বুঝিয়ে দিলেন, কেন
তিনি সেরাদের সেরা।
এদিন ক্রুস
আজুলের বিপক্ষে এলএম টেনের অভিষেক দেখার জন্য হাজার হাজার সমর্থকের ঢল নামে মায়ামির
স্টেডিয়ামে। কিন্তু মায়ামির বেরসিক কোচ জেরাডো মার্তিনো অপেক্ষা বাড়ান ভক্তদের। ম্যাচের
একাদশে মেসিকে রাখেননি অভিজ্ঞ এই আর্জেন্টাইন কোচ। ৪৪ মিনিটে মেসিকে ছাড়াই প্রথমার্ধে
লিড নেয় মায়ামি।
দ্বিতীয়ার্ধে
মাঠে নামেন মেসি। এসময় অধিনায়কের আর্ম ব্যান্ড তুলে দেয়া হয় মেসির বাহুতে। কিন্তু অধিনায়ক
তেমন কিছু বুঝে ওঠার আগেই, ১২ মিনিট পর গোল খেয়ে বসে মায়ামি।
তবে গোল
দিয়েই বিপাক বাড়ালো ক্রুস আজুল। এরপর দলকে জেতাতে আরও মরিয়া হয়ে ওঠেন মেসি। সতীর্থ্যদের
বল বাড়িয় দিয়েও সাফল্য আসছিল না। তবে মেসির দুর্দান্ত রক্ষণচেরা পাস, বল নিয়ে চিরচেনা
দৌড় এবং ড্রিবলিংয়ের জাদুতে মোহিত করেছেন সবাইকে। কয়েকবার বল নিয়ে প্রতিপক্ষ রক্ষণের
আশেপাশে বেশ হুমকিও তৈরি করেছিলেন।
তবে গোল
না পাওয়ায় তখন আরও উদগ্রীব মেসি। ৮৭ মিনিটে তার পাস থেকে গোল করলেন, জোসেফ মার্তিনেজ।
কিন্তু বিল্ডআপে মেসি অফসাইড থাকায় বাতিল হয় সেই গোল। তাইতো গ্যালারি ভর্তি দর্শকদের
অপেক্ষাও রয়েই গেলো।
এরপর সেই
মাহেন্দ্রক্ষণ আসে ইনজুরি সময়ে। মেসিকে ফাউল করেন আজুলের ফুটবলার। ডি বক্সের বাইরে
পাওয়া সেই ফ্রি কিক থেকে বাঁ পায়ে দুর্দান্ত এক শট, বল চলে গেলে আজুলের জালে। অভিষেকে
এমন দুদান্ত গোল, যুক্তরাষ্ট্রের ফুটবল উন্মাদনাকে আরও বাড়িয়ে দিলেন এলএম-টেন।
এদিন মেসির
অভিষেকের উত্তাপ আরও বাড়িয়েছেন গ্যালারিতে উপস্থিত তারকারা। ইন্টার মায়ামির অন্যতম
মালিক ডেভিড বেকহাম তো ছিলেনই, এ ছাড়া অন্যদের মধ্যে মেসির সাবেক সতীর্থ সের্হিও আগুয়েরো,
বাস্কেটবল মহাতারকা লেব্রন জেমস, টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস এবং মডেল কিম কারদাশিয়ানকেও
দেখা গেছে দর্শক সারিতে।
জেডএস/