ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০২ জুলাই ২০২৩ ০৮:০৭



ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে আসলো ছয় ট্রাক ভারতীয় কাঁচামরিচ

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০২ জুলাই ২০২৩ ০৮:০৭


দেশের বাজারে উত্তাপ ছড়াচ্ছে কাঁচা মরিচ। টানা বর্ষণে নষ্ট হওয়া ও ঈদের ছুটিতে সরবরাহ বন্ধের কারণ দেখিয়ে ৫০ থেকে ১০০ টাকা কেজির কাঁচা মরিচ ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। এরআগে, কোথাও কোথাও ৯০০-১০০০ টাকা কেজিতেও কাঁচা মরিচ বিক্রির খবর পাওয়া যায়। এরই মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করলো ছয় ট্রাক ভারতীয় কাঁচামরিচ। আমদানি অব্যহত থাকলে দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

চাহিদার চেয়ে মরিচের যোগান কম থাকায় অতি মুনাফা-লোভীরা এই দাম বাড়িয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। তবে ব্যবসায়ীদের দাবি, বাজারে মরিচ না থাকার কারণে বেশি দামে কিনে কম লাভে বিক্রি করছেন। ঈদ আর বৃষ্টির কারণে পঁচে যাওয়ায় মরিচের দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। শুক্রবার নগরীর একাধিক ফুটপাতের সবজির দোকানে এই দৃশ্য দেখা গেছে।

এদিকে, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। ঈদুল আজহার ছুটি শেষে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কাঁচা মরিচভর্তি ছয়টি ভারতীয় ট্রাক ভোমরা স্থলবন্দর দিয়ে প্রবেশ করে। ধীরে ধীরে আরও ট্রাক প্রবেশ করবে বলে জানিয়েছেন ভোমরা কাস্টমসের তত্ত্বাবধায়ক ইফতেখারউদ্দিন।

ঈদের কয়েক দিন আগে থেকে দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বাজারে কাঁচা মরিচের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন এই নিত্যপণ্য আমদানির অনুমতি দেয় সরকার।

জেডএস/