ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২০ জুন ২০২৩ ০৮:৫৬



নবজাতক ও মায়ের মৃত্যুর দায় হাসপাতালের : সংযুক্তা সাহা

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২০ জুন ২০২৩ ০৮:৫৬


সন্তান প্রসবের জন্য হাসপাতালে চিকিৎসা নিতে এসে নবজাতক ও তার মা মারা যাওয়ার ঘটনায় এবার সামনে এসে নিজের অবস্থান জানালেন ডা. সংযুক্তা সাহা। তিনি বলেছেন, মাহবুবা রহমান আঁখি ও তার সন্তানের মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল হাসপাতাল তার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। আর উল্টো তার ওপরই দায় চাপানো হয়েছে। রাজধানীর পরীবাগে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এই দাবি করেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সংযুক্তা সাহা।

তিনি আরও জানান , আঁখিকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখন তিনি ছিলেন না। তাকে ‘না জানিয়ে’ ওই রোগীকে ভর্তি করা হয়েছে। সুতরাং শিশু ও মায়ের মৃত্যুতে তার কোনো দায় ‘ছিল না’।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সিজারিয়ান অপারেশন বন্ধ করার জন্য তিনি যে সামাজিক আন্দোলন শুরু করেছেন, তার বিরুদ্ধে একটা পক্ষ এসব কাজ করছে।

সংবাদ সম্মেলনে ডা. সংযুক্তা আরও দাবি করেন, আঁখি তার নিয়মিত রোগী ছিলেন না। তিনি কুমিল্লার একটি স্থানীয় হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন। এ বছরের মার্চে তিনি দুইবার সেন্ট্রাল হাসপাতালে এসে তাকে দেখিয়েছিলেন। নিয়মিত রোগী হতে হলে একজন গর্ভবতীকে গর্ভাবস্থার শুরুতে প্রতি মাসে একবার এবং শেষের দিকে দুই সপ্তাহে একবার দেখাতে হয় বলে জানান।

এর আগে ভুল চিকিৎসায় সদ্যোজাত সন্তানের মৃত্যুর সাত দিন পর গত রবিবার মা মাহবুবা রহমান আঁখিও মারা যান। এরপর গতকাল রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা আঁখির জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। এর মধ্যেই সামনে এলেন ড. সংযুক্তা সাহা।

গত ৯ জুন কুমিল্লার তিতাস উপজেলা থেকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে প্রসবের জন্য আনা হয়েছিল আঁখিকে। তবে স্বাভাবিক প্রসবের পরিবর্তে আঁখির অস্ত্রোপচার করা হয়। সেই অস্ত্রোপচারও করেন অন্য চিকিৎসক। প্রসবের রাতেই নবজাতকের মৃত্যু হয়।

জেডএস/এইচআই