নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১১ মে ২০২৩ ১০:৩৫
বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
সোনালু, কৃষ্ণচূড়া ও জারুল ফুলে সেজেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে ঢুকতেই চোখে পড়বে সোনালু ফুলের সোনালী আবর্তন। এসব দৃষ্টিনন্দন ফুলের সৌন্দর্যে মুগ্ধ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান মিলনায়তন, অনুষদ ভবন, প্রশাসন ভবন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলসহ নানা জায়গায় শোভা বাড়িয়েছে মন মাতানো এসব ফুল।
সোনালু ফুলের রঙে সেজেছে ইবির ডায়না চত্বর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিড় করছেন ফুলের সঙ্গে নিজের একটি মুহূর্তকে বন্দি করতে। কেউ কেউ সেলফি তুলছেন। পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ে আরো গাছ লাগালে সব ঋতুতেই আকর্ষণীয় হয়ে উঠবে প্রাণের ক্যাম্পাস, এমনটাই বলছেন শিক্ষার্থীরা।