ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৬ এপ্রিল ২০২৩ ১০:৩১



যেসব সুযোগ-সুবিধা পাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৬ এপ্রিল ২০২৩ ১০:৩১


ছবি: সংগৃহিত

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অবসরের পর আইন মতে, অবসর ভাতা, চিকিৎসা সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। ‘রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইনে’ সাবেক রাষ্ট্রপতিরা কী কী সুযোগ-সুবিধা, কীভাবে পাবেন তা নির্ধারণ করা আছে। বিস্তারিত থাকছে বেঙ্গলনিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদনে।

টানা দুই মেয়াদে ১০ বছর ৪১ দিন দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছেড়েছেন মো. আবদুল হামিদ। সোমবার সকাল ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নতুন রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের শপথ গ্রহণ করার সময় আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় রাষ্ট্রপতি আবদুল হামিদকে। দায়িত্ব হস্তান্তরের পর বঙ্গভবন ছেড়ে আবদুল হামিদ ওঠেন রাজধানীর নিকুঞ্জে তার নিজ বাড়িতে। রাষ্ট্রপতি হিসেবে সর্বশেষ যে মাসিক বেতন পেতেন, তার ৭৫ শতাংশ হারে মাসিক অবসর ভাতা পাবেন আমৃত্যু। এই হিসাবে অবসরের পর আবদুল হামিদ প্রতি মাসে ৯০ হাজার টাকা অবসর ভাতা পাবেন।

‘দ্য প্রেসিডেন্টস (রেম্যুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্টের মতে, রাষ্ট্রপতির মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। অবসরে যাওয়ার পর সাবেক রাষ্ট্রপতি হিসেবে একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট (সাহায্যকারী) পাবেন আবদুল হামিদ। একজন মন্ত্রীর প্রাপ্য চিকিৎসা সুবিধার সমপরিমাণ চিকিৎসা সুবিধা পাবেন তিনি। আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ, সাবেক রাষ্ট্রপতি হিসেবে একটি কূটনৈতিক পাসপোর্ট, দেশের ভেতর ভ্রমণকালে সরকারি সার্কিট হাউস বা রেস্টহাউসে বিনা ভাড়ায় থাকার সুবিধা পাবেন আবদুল হামিদ। তিনি দাপ্তরিক ব্যয়ও পাবেন, এর পরিমাণ সরকার নির্ধারণ করে দেবে।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবন কাটিয়ে আসা মো. আবদুল হামিদ প্রথম দফায় ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। চলতি বছরের ২৩ এপ্রিল তার রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়। আবদুল হামিদ ১৯৭০ সালে ময়মনসিংহ-১৮ আসন থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। কিশোরগঞ্জের হাওর এলাকা থেকে সাতবার আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একজন সফল রাজনীতিবিদ হিসেবে রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি হয়ে বঙ্গভবন ছাড়েন আবদুল হামিদ।

ইউএইচ/এইচআই