নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
২৫ এপ্রিল ২০২৩ ১২:০৭
ছবি: সংগৃহিত
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে সোমবার সকালে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। শপথে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর শপথ নথিতে স্বাক্ষর করেন নতুন রাষ্ট্রপতি।
সকালে বঙ্গভবনে ১০ মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠানে শপথ নেন সাহাবুদ্দিন। ‘সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের’ দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতি পদের এই শপথ নিলেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ বিশিষ্ট অতিথিরা যোগ দেন।
এর আগে বিচারালয়, আইন পেশা ও দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব পালনের মতো বর্ণাঢ্য পেশা জীবন কাটান তিনি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাহাবুদ্দিন।
আর এই শপথের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি হিসেবে টানা দুবারের মেয়াদ শেষ হলো আবদুল হামিদের। তিনিই বাংলাদেশে সবচেয়ে বেশি দিন দায়িত্ব পালন করা রাষ্ট্রপ্রধান। সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতি হিসেবে অতিবাহিত করে বিদায় নিলেন তিনি। বিদায় বেলায় ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে বিদায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।
পরে বঙ্গভবনের প্রধান ফটক পর্যন্ত ফুলের পাপড়ি ছড়িয়ে ও বিউগলের করুণ সুর বাজিয়ে আবদুল হামিদকে বিদায় দেওয়া হয়। বঙ্গভবনের নানা আনুষ্ঠানিকতা শেষে নিকুঞ্জের প্রেসিডেন্ট লজের উদ্দেশে রওয়ানা দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাশিদা খানম। গাড়িবহরের যাত্রা হলে তাকে এসকর্ট দেয় পুলিশের অশ্বারোহী দল।
ইউএইচ/এইচআই