বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২৩ এপ্রিল ২০২৩ ১১:৩০



যশোরের মাটিতে চাষ হচ্ছে সৌদির আজওয়া খেজুর (ভিডিও)

বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২৩ এপ্রিল ২০২৩ ১১:৩০


ছবিঃ সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বেড়ারু পানি গ্রামের কৃষক বাবুল হোসেন চাষ করছেন সৌদির আজওয়া খেজুর। তিনি পেশায় ছিলেন একজন দিনমজুর। ৪ বছর আগে ইউটিউবে সৌদির আজওয়া খেজুর চাষের পদ্ধতি দেখে উদ্বুদ্ধ হন বাবুল হোসেন। এরপর পরীক্ষামূলকভাবে আজওয়া খেজুরের বীজ নিজের দুই বিঘা জমিতে রোপণ করেন। আর এ খেজুর গাছের চারা বেঁচে যাওয়ায় এখন বাণিজ্যিকভাবে চাষের স্বপ্ন দেখছেন বাবুল হোসেন। পরবর্তীতে আরও দুই বিঘা জমি লিজ নিয়ে মোট চার বিঘা জমিতে খেজুর চাষ করছেন তিনি। বাবুল হোসেন মোট ৫ লাখ টাকা খরচ করে পাঁচ শতাধিক খেজুর গাছ রোপণ করেছেন। আর ইতিমধ্যেই কয়েকটি গাছে ফলও আসতে শুরু করেছে তার।

ইউটিউব দেখে সৌদিআরব প্রবাসী এক নিকট আত্মীয়ের মাধ্যমে কিছু আজওয়া খেজুর সংগ্রহ করার কথা জানান কৃষক বাবুল হোসেন। বলেন, প্রথমদিকে নিজের টাকা খরচ করে লিজ নেওয়া জমিতে খেজুরের বীজ বুনলে এলাকার মানুষজন তাকে পাগল বলে উপহাস করতো। আর কৃষি বিভাগ সহায়তা করলে যশোরের মাটিতে এ চাষের ব্যাপক সম্ভবনা দেখছেন তিনি। বাবুল হোসেন দাবি করেন, আজওয়া খেজুর গাছের পরাগায়ণ করানো কৃষি বিভাগের করার কথা থাকলেও তারা তা করেনি। ফলে গাছের মৃত্যু ঝুঁকি নিয়ে তাকেই পরাগায়ণের কাজ করতে হচ্ছে। 

প্রতিদিন এ আজওয়া খেজুরের বাগান দেখতে আশপাশ থেকে আসছে অনেক মানুষ। প্রতিবেশিরা বলছেন, বাবুল হোসেন প্রথম যখন সৌদি খেজুরের বীজ রোপন করে তখন গ্রামের অনেকেই উপহাস করতো। তবে তিনি আজ সফল হওয়ায় সবাই প্রসংশা করছে। এ ছাড়া বাবুল হোসেনের এ খেজুর বাগানে গ্রামের অনেক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছেন অনেকে। আর বেকার যুবকেরাও খেজুর চাষে ঝুঁকবে বলেও মনে করছেন অনেকে।

বাবুল হোসেনের আজওয়া খেজুরের বাগান পরিদর্শন করেছেন জানিয়ে ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তারা বলছেন, কৃষি অফিস থেকে তাকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করা হবে। এছাড়া যশোরে এ আজুয়া খেঁজুর চাষ ছড়িয়ে দেয়ার ব্যাপারেও কাজ করছেন তারা।

তবে বাবুল হোসেনের দেখে এলাকার অনেক যুবকই স্বপ্ন বুনছেন খেজুরের বানিজ্যিক চাষ করার। আর এ খেজুর চাষে কৃষকরা সরকারি সহায়তা পেলে দেশের অর্থনীতিতে বড় ধরণের ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন অনেকে। 

জিএম/