ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


২২ এপ্রিল ২০২৩ ০৬:২৫



ঈদের দিন যেভাবে সুন্দর ও সতেজ থাকতে পারেন (ভিডিও)

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

২২ এপ্রিল ২০২৩ ০৬:২৫


ছবিঃ সংগৃহীত

সাম্প্রতিক সময়ের তীব্র গরমের ধকল সামলে এবার ঈদের সাজটা সুন্দর রাখা বেশ কঠিন। পাশাপাশি ঈদের দিন কাজের মধ্যেও অনেকেই পরিপাটি থাকতে চায়। আর এ জন্য আগে থেকেই কিছু বিষয়ে সতর্ক থাকলে ঈদের দিনেও সুন্দর ও সতেজ থাকবে সাজ। 

যদি ঈদের দিন একটু সুন্দর আর সতেজ থাকতে চান সে ক্ষেত্রে অতিরিক্ত প্রসাধনী বা ভারী মেকআপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। ক্রিমজাতীয় প্রসাধনী ব্যবহার থেকেও দূরে থাকার চেষ্টা করতে হবে। কারণ এগুলো গরমে আরও বেশি ঘেমে সাজ নষ্ট করে দিতে পারে। এই ঈদে ছিমছাম হালকা সাজ করলে ভালো হয়। কারণ গরমের মধ্যে মেকআপ যত হালকা হবে তা তত ভালো ও আরামদায়ক হবে। আর হালকা মেকআপের পর সেটিং স্প্রে ব্যবহার করুন। সেক্ষেত্রে মেকআপ দীর্ঘ সময় ভালো থাকবে। মেকআপের আগে ত্বকে কিছুক্ষণ বরফও ঘষে নিতে পারেন। এতে করে গরমে সাজ টেকসই হবে। আর সবচেয়ে জরুরি হলো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, ত্বক পরিষ্কার রাখা।

অন্যদিকে ঈদের দিনের সাজে ওয়াটারপ্রুফ প্রসাধনী সামগ্রী ব্যবহার করতে পারেন। এতে গরমে ঘেমে গেলেও মেকআপ নষ্ট হবে না। এছাড়া সারা দিন একটু পর পর পানি পান করুন। তবে ডাবের পানি বেশি বেশি পান করতে পারেন। সেক্ষেত্রে ত্বক আর্দ্র ও সতেজ দেখাবে এবং সাজও সুন্দর থাকবে। এছাড়া সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বক দ্রুত কালো হয়ে যায়। যা সাজেও প্রভাব ফেলে। তাই গরমের দিনে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন যা ত্বকের জন্য খুব প্রয়োজনীয়। তবে তেলবিহীন সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর সাজ শুরুর আধ-ঘণ্টা আগে পুরো ত্বক সানব্লক ক্রিম মেখে তারপর মেকআপ করতে পারেন।

এছাড়া তৈলাক্ত ত্বক হলে হাতব্যাগে ব্লটিং পেপার রাখুন। ত্বক তৈলাক্ত হলে মেকআপের কিছুক্ষণ পরই কপাল, নাক, নাকের আশপাশ, ঠোঁটের নিচে, থুতনির কাছে দ্রুত তেল ভেসে ওঠে। ব্লটিং পেপার অতিরিক্ত তেল দ্রুত শুষে নেয়। একারণে তেল জমা অংশে ব্লটিং পেপার চেপে ধরুন। এরপর কমপ্যাক্ট পাউডার মেখে নিন। উৎসবে ভারী ও জমকালো পোশাক পরার চল বেশি। তবে এই গরমে আরামদায়ক পোশাক পরাটাই বুদ্ধিমানের। এতে ঘাম কম হবে। আর সাজও সুন্দর থাকবে।

জিএম/