নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৮ এপ্রিল ২০২৩ ১১:১৪



ঢালিউড-ঈদে আসছে আদর-বুবলীর ‘লোকাল’; অনন্তের ‘কিল হিম’ এর ট্রেইলারে নেই কপিরাইট (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৮ এপ্রিল ২০২৩ ১১:১৪


বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর

ঈদ উপলক্ষে মুক্তির মিছিলে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম বুবলী জুটির সিনেমা ‘লোকাল’, ট্রেইলারে সাড়া ফেলেছে চলচ্চিত্রটি। পাশাপাশি ঈদে মুক্তি পেতে যাওয়া অনন্ত জলিলের ‘কিল হিম’ সিনেমার টিজারটিতে থাকছে না কোনো কপিরাইট ক্লেইম। বিস্তারিত প্রতিবেদনে-

আসন্ন ঈদ উপলক্ষে মুক্তির মিছিলে রয়েছে হাফ ডজনের বেশি সিনেমা। এই তালিকায় রয়েছে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম বুবলী জুটির দ্বিতীয় সিনেমা ‘লোকাল’। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি আসছে ঈদে দেশজুড়ে মহাসমারোহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিওপেট্রা ফিল্মস। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।

মুক্তির ঘোষণা দিয়ে শনিবার রাতে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে। ২ মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশ্যে আসতেই বেশ সাড়া ফেলছে। এখানে আদর-বুবলীকে ভিন্ন লুকে দেখা গেছে। অনেকেই ট্রেইলারটি শেয়ার করে প্রশংসা করেছেন। কেউবা সমালোচনা করে বলছেন ভারতের দক্ষিনি নায়ক যশের কপি লাগছে আদর। গত সপ্তাহেই সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘লোকাল’। সিনেমাটি দেখে প্রশংসা করেন সেন্সর বোর্ডের সদস্যরা।

রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্পের ‘লোকাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। এটি এ জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘তালাশ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন আদর ও বুবলী। পরিচালক সাইফ চন্দন জানান একেবারে প্রান্তিক পর্যায়ের গল্প তুলে আনা হয়েছে এতে। নেতৃত্বের লড়াই এবং এলাকার পলিটিকস নিয়ে তৈরি হয়েছে ‘লোকাল’ সিনেমাটি।

একই সঙ্গে এবার  ঈদে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিল অভিনীত সিনেমা ‘কিল হিম’। সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে গত বুধবার (১২ এপ্রিল)। এ দিন সন্ধ্যায় বড় আয়োজনে সংবাদ সম্মেলন করে টিজার প্রকাশ করেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজেও টিজারটি পোস্ট করেছেন এই চিত্রনায়ক। ইতোমধ্যে টিজারটিতে রিঅ্যাক্ট পড়েছে এক লাখের বেশি। পাশাপাশি ১২ হাজারের বেশি মন্তব্যের মধ্যে অনন্তের প্রশংসা ও শুভ কামনা জানিয়েছেন বেশির ভাগ নেটিজন। সেই পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়েছেন এই চিত্রনায়ক।

এরই মধ্যে তিনি একটি ভিডিও বার্তায় অনন্ত জানান, সংবাদমাধ্যম থেকে ব্যক্তিগত পর্যায়ে কেউ যদি ‘কিল হিম’-এর টিজার নিজেদের ফেসবুক কিংবা ইউটিউবে আপলোড করতে চান, তাদের অনুমতি ছাড়াই আপলোড করার অনুরোধ জানিয়েছেন। টিজারটিতে কোনো কপিরাইট ক্লেম নেই বলেও আশ্বস্ত করেছেন এই নায়ক। প্রচারণার স্বার্থেই এমন অভিনব সিদ্ধান্ত নিয়েছেন তিনি, এমনটাই ভাবছেন নেটিজনরা। ‘কিল হিম’ সিনেমাটি পরিচালনা করছেন এমডি ইকবাল। এতে অনন্তকে একজন এজেন্টের চরিত্রে দেখা যাবে। আর এতে চিত্রনায়িকা বর্ষাকে দেখা যাবে খল চরিত্রে।

ইউএইচ/এইচআই