নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৭ এপ্রিল ২০২৩ ১০:৫৮



ঈদের আগেই ঘোষণা হতে পারে ছাত্রলীগের কমিটি (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৭ এপ্রিল ২০২৩ ১০:৫৮


ছবি: সংগৃহীত

ঈদের আগেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি আসছে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এখন অপেক্ষা শুধু দলের সভাপতির অনুমতির।

কেন্দ্রীয় নেতা নির্বাচনের প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলছেন, ‘শুধু কেন্দ্রে নয়, প্রান্তে অনেক দক্ষ, মেধাবী, যোগ্য, চৌকস নেতা রয়েছেন। তাদের মূল্যায়ন করার এটাই সঠিক সময়।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত বছর ৩ ডিসেম্বর, নতুন নেতৃত্ব ঘোষণা ছাড়াই অনুষ্ঠিত হয় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন। পরে ২০ ডিসেম্বর রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে গণভবনের গেটে ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হওয়ায় প্রায় চার মাস ধরে দুই সদস্যের কেন্দ্রীয় কমিটি নিয়ে চলছে ছাত্রলীগ।

এরপর গত ৩০ মার্চ গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। সেখানে আগামী নির্বাচন সামনে রেখে ছাত্রলীগকে সুসংগঠিত করতে নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। তিনি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দেন। এর পরই দ্রুততার সঙ্গে কাজ শুরু হয়।

ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে, এবারের পূর্ণাঙ্গ কমিটিতে বেশকিছু নতুন প্রবণতা দেখা যাবে। কোভিড পরিস্থিতির কারণে বয়সসীমা শিথিলের পাশাপাশি ঢাকার বাইরের নেতাদের মূল্যায়ন করা হচ্ছে। ৩০১ জনের এ কমিটিতে উল্লেখযোগ্যসংখ্যক নারী থাকছেন।

তবে এবার ছাত্রলীগের কমিটিতে যুক্ত হচ্ছে নতুন আটটি পদ। নতুন আটটি পদ হলো—অটিজমবিষয়ক সম্পাদক, মানবাধিকারবিষয়ক সম্পাদক, মাদ্রাসা শিক্ষাবিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষাবিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়নবিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)-বিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক সম্পাদক।

এ ছাড়া সংগঠনের জন্য আন্তরিক, আধুনিক চিন্তা-ধারণা, সমস্যা সমাধানের ক্ষমতা, যোগাযোগ দক্ষতা ও সৃজনশীলতা রয়েছে এদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে কমিটিতে। আর মেধা বিবেচনায় কয়েকজন নেতাকে স্থান দেওয়া হবে বলে জানিয়েছে ছাত্রলীগের একাধিক সূত্র।

কমিটিতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা, উদ্ভাবনী ও উদ্যোক্তাধর্মী সমাজ তৈরি করার চ্যালেঞ্জ নিতে পারবে, গবেষণাপত্র তৈরি করতে পারবে এমন কয়েকজন মেধাবী শিক্ষার্থীকে দেখা যাবে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘আমরা এমন কেন্দ্রীয় কমিটি গঠন করব, যারা ছাত্রসমাজকে পথ দেখাতে পারবে। আধুনিকতা, প্রযুক্তি, উদ্ভাবন এসব নানা ক্ষেত্রে যাদের গুণাবলি আছে তাদের কমিটিতে রাখা হবে।

এত দিন ছাত্রলীগের কমিটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় নির্ভর হয়ে আসছিল। কেন্দ্রীয় নেতাদের দুই-তৃতীয়াংশের বেশি নির্বাচিত হতেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এবার সে ধারা ভঙ্গ হচ্ছে। কেন্দ্রে রাজনীতি করেন এমন নেতারা যেমন থাকবেন, তেমনি জেলা, মহানগরে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও স্থান পাবেন বলে জানা গেছে।

এমএইচ/এইচআই