নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৭ এপ্রিল ২০২৩ ০১:১৯



বাংলাদেশের প্রেক্ষাগৃহে ৫ মে আসছে ‘পাঠান’, ব্যোমকেশ চরিত্রে এবার দেব (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৭ এপ্রিল ২০২৩ ০১:১৯


বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত বক্স অফিসে ঝড় তোলা সিনেমা ‘পাঠান’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ৫ মে থেকে দেশের পেক্ষাগৃহে চলবে এই সিনেমা। এদিকে আবীর চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত আর গৌরব চক্রবর্তীর পর এবার বোমকেশ চরিত্রে পর্দায় দেখা যাবে টালিউড সুপারস্টার দেবকে। বিস্তারিত প্রতিবেদনে-

২৫ জানুয়ারি ভারতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে কিং শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। মুক্তির পর সর্বত্রই অভাবনীয় সাফল্য পেয়েছে সিনেমাটি। সাফটা চুক্তির আওতায় বলিউডের সঙ্গে একই দিনে ২৫ জানুয়ারি বাংলাদেশের পেক্ষাগৃহে চলার কথা ছিলো মুভিটির। তবে অনুমতি জটিলতায় তা আর সম্ভব হয়নি। সেই জটিলতা কাটিয়ে অবশেষে আগামী ৫ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির আমদানির আবেদনকর্তা পরিচালক অনন্য মামুন।

রবিবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে মামুন জানান, যেহেতু মন্ত্রণালয় অনুমতি দিয়েছে আর কোনো বাধা নেই। আগামী ৫ মে দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’ মুক্তি পাবে। এর আগেও একাধিকবার বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির আভাস পাওয়া গিয়েছিল, এবারও সেরকম কিনা; এমন প্রশ্নের জবাবে তিনি জানান এবার আর তেমন হচ্ছে না। অনুমতির জটিলতা কাটিয়ে এবার কেবল সেন্সরে ছাড়ের অপেক্ষা। তবে কতগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে তা ঈদের আগে বলা যাচ্ছে না বলেও জানান অনন্য মামুন।

এদিকে নববর্ষে নতুন লুকে দর্শকের সামনে এসে সবাইকে চমকে দিলেন টালিগঞ্জের সুপারস্টার নায়ক দেব। বেশ কিছুদিন আগেই নতুন সিনেমার কথা ঘোষণা করেছিলেন তিনি। পরবর্তী সিনেমা যে ব্যোমকেশের গল্পের প্রেক্ষাপটে নির্মিত হবে, সে কথা টুইট করেছিলেন তিনি।

পহেলা বৈশাখের দিন প্রকাশ্যে এল সিনেমায় দেবের ফার্স্ট লুক। পরনে কোট, এক হাতে টর্চ, অন্য হাতে সাপ আর চোখে মোটা ফ্রেমের চশমা— এমন লুকে সকলের সামনে এসে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন দেব। এর আগে শঙ্করের চরিত্রে তাকে দেখেছেন দর্শক। বিপুল প্রশংসাও পেয়েছেন। এই প্রথম ব্যোমকেশের চরিত্রে তাকে দেখা যাবে।

আগে এই চরিত্রে অভিনয় করেছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন আবীর চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও গৌরব চক্রবর্তীসহ আরও অনেকে। সেই তালিকায় এবার নাম জুড়ল দেবের । এই নতুন ব্যোমকেশকে দর্শকের কতটা মনে ধরবে সেই উত্তর দেবে সময়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘দুর্গরহস্যের’ প্রেক্ষাপটে সিনেমাটি পরিচালনা করেছেন বিরসা দাশগুপ্ত। প্রথমে অবশ্য এই সিনেমাকে কেন্দ্র করে নানা গুঞ্জন উঠেছিল যে সৃজিত মুখোপাধ্যায় নাকি পরিচালনা করবেন সিনেমাটি। যদিও সেই জল্পনা দূর করেছেন পরিচালক নিজেই।

ইউএইচ/