নিজস্ব প্রতিবেদক

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


১৪ এপ্রিল ২০২৩ ০৪:২৭



গণস্বাস্থ্য কেন্দ্রে শায়িত হবেন ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

১৪ এপ্রিল ২০২৩ ০৪:২৭


ছবি: সংগৃহীত

নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র ও সাভার গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চিরনিদ্রায় শায়িত হবেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার মরদেহ দান করার কথা থাকলেও শেষ পর্যন্ত দাফন করার সিদ্ধান্ত হয়েছে, জানিয়েছেন তার ছেলে বারিষ চৌধুরী।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি অস্থায়ী মঞ্চ বানানো হয়। সেখানে রাখা হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। এ সময় পাশে ছিলেন স্ত্রী শিরীন হকসহ পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। এসময় তারা ডা. জাফরুল্লাহর সাহসী, সাদা-সিধে জীবনের কথা তুলে ধরেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তাকে গার্ড অব অনার দেওয়া হয়। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেদায়েতুল ইসলাম।

শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে সকাল ১০টা থেকে শ্রদ্ধা নিবেদন এবং বাদ জুমা তার জানাজা হবে। গত মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন।

এমএইচ/