নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১৩ এপ্রিল ২০২৩ ০৮:৪৩
ছবি: সংগৃহীত
খাতা-কলমে
বসন্ত। তবে আবহাওয়া দেখে তা বোঝার উপায় নেই। চৈত্রের বিদায় লগ্নে শুরু হয়েছে তাপপ্রবাহ।
ইতোমধ্যে রাজধানীসহ সারা দেশেই পারদ ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। আবহাওয়া অফিস থেকেও
জানানো হয়েছে আগামী দুই তিন দিন বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্বাভাস বলছে চলমান তাপ প্রবাহ
আরও এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। এমন গরমে দীর্ঘ সময় রোদে থাকলে হিটস্ট্রোক
হয়ে অসুস্থ হওয়ার সম্ভাবনাও দেখছেন বিশেষজ্ঞরা। শিশু ও বয়স্কদের জন্য এই ঝুঁকি আরও
বেশি বলে শঙ্কা প্রকাশ করছেন তারা।
বিশেষজ্ঞের
মতে বাইরে তাপমাত্রা যাই হোক না কেন মানুষের শরীর স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা প্রায় স্থির
রাখতে সক্ষম। কিন্তু অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করা বন্ধ
হয়ে গেলে তখন হিট স্ট্রোক হতে পারে। এর ফলে শরীরের ঘাম বন্ধ হয়ে তাপমাত্রা দ্রুত বাড়তে
শুরু করে। এসময় মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজি খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা।
আর প্রচন্ড
গরম থেকে স্বস্তি পেতে পাতলা ও হালকা রঙের পোশাক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
পাশাপাশি ঘরের বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার কথা বলছেন। আর ত্বককে সূর্যের
ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করার কথাও বলছেন তারা। এছাড়া শরীরে
পানিশূন্যতা এড়াতে বেশি করে পানি, শরবত ও স্যালাইনের পানি পান করার কথা বলছেন বিশেষজ্ঞরা।
এছাড়া গ্রীষ্মকালীন ফলের জুস পান করলেও ক্লান্তি ও পানিশূণ্যতা দূর হবে বলছেন তারা।
এছাড়া যে
সকল মানুষেরা দুর্বল বা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তাদের সকাল ১০টা থেকে বিকেল
৪টা পর্যন্ত ঘরের ভিতরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই সময়টায় সূর্যের তেজ বেশি
থাকে। এছাড়া ঘরের দরজা-জানালায় হালকা ও স্নিগ্ধ রঙ্গের পর্দা ব্যবহার করলে ভেতরের তাপমাত্রা
কিছুটা হলেও শীতল থাকবে। আর বেলকুণি ও ছাদে পানি ভর্তি পাত্র রাখলে বাড়ির আশেপাশের
তাপমাত্রাও কিছুটা কম থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এমএইচ/