নিজস্ব প্রতিবেদক, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
১১ এপ্রিল ২০২৩ ০৩:২৬
ছবি: সংগৃহীত
রাজধানীর
মগবাজার থেকে সাত রাস্তামুখী ফ্লাইওভারের নিচের পিলারগুলোতে ব্যানার-পোস্টার তুলে
পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাদা রং করা হয়েছে। ধবধবে সাদা রংয়ের ক্যানভাসে ফুটে উঠছে
দৃষ্টিনন্দন গ্রাফিতি। তাতে শোভা পাচ্ছে দেশীয় সংস্কৃতি এবং শিক্ষণীয় বিষয়। সোমবার
(১০ এপ্রিল) দুপুরে ফ্লাইওভারের পিলারের দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রমের
উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
কেবলমাত্র
কাজ শুরু হলেও পিলারগুলো যে সৌন্দর্য ছড়াচ্ছে তা পথচারীদের আকৃষ্ট করছে। এসময়
ফ্লাইওভারের পিলারগুলো দৃষ্টিনন্দন করে তোলার কাজে নিয়জিত শ্রমিকরা তাদের উচ্ছাস
তুলে ধরতে গিয়ে বলেন, এমন সুন্দর বাঙালি সংস্কৃতি তুলে ধরার কাজের সঙ্গে যুক্ত হতে
পেরে আনন্দিত তারা।
ইতোমধ্যে
দৃষ্টিনন্দন করা চারটি পিলারের একটিতে পরিবেশ সংরক্ষণের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
পিলারের একপাশে এক কিশোর চারা গাছ লাগাচ্ছে, আরেক কিশোর বই নিয়ে স্কুলে যাচ্ছে।
একটিতে লেখা রয়েছে হর্ন বাজাবেন না, পোস্টার না লাগাই। আর দুটি পিলারের একটিতে
ফুল, পাখি, সূর্য এবং আরেকটিতে ফুলের নকশার সঙ্গে নৌকা দিয়ে আবহমান বাংলার
সংস্কৃতিও ফুটিয়ে তোলা হয়েছে।
এদিকে
ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট যত্রতত্র পোস্টার বন্ধে জনগণের মাঝে
সচেতনতা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। বলেন, এই
দেশটা আমাদের, এই শহরটা আমাদের। এই দেশ, এই শহর বাহিরের কারোর নয়। অথচ যত্রতত্র
পোস্টার লাগিয়ে আমরা নিজেরাই এই শহরের দৃশ্য দূষণ করছি।
আমরাই
শব্দ দূষণ করছি, বায়ু দূষণ করছি। শহরের দূষণ বন্ধে আমাদের নিজেদের ঠিক হতে হবে,
সচেতন হতে হবে। শুধু সরকার আর সিটি করপোরেশনের দায়িত্ব নিলে হবে না। সবাইকে
দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন ঢাকা উত্তর সিটির মেয়র।
এমএইচ/