ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর
০৯ এপ্রিল ২০২৩ ১০:০৮
ছবি: বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর
চার দিন আগে বঙ্গবাজারে লাগা আগুনে ক্ষতিগ্রস্ত বিপণিবিতান, বরিশাল প্লাজায় ফের অগ্নিকাণ্ড ঘটেছে। সকালে সেখানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে বঙ্গবাজারে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের পর থেকেই সামনে এসেছে রাজধানীতে আগুনের ঝুঁকিতে থাকা মার্কেটগুলোর অবস্থা নিয়ে। কেন ঘটছে এসব অগ্নিকাণ্ড, কী বলছে ফায়ার সার্ভিস।
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পর রাজধানীর অধিকাংশ বহুতল ভবন, শপিংমল ও মার্কেট ঝুঁকিপূর্ণ বলে শিরোনাম হচ্ছে সংবাদমাধ্যমে। সংবাদমাধ্যমগুলো বলছে, রাজধানীতে হাজারের বেশি বিপণিবিতান অগ্নিঝুঁকির মধ্যে রয়েছে। তালিকায় ‘ঝুঁকিপূর্ণ’ ও ‘অতিঝুঁকিপূর্ণ’ এই দুই ধরনের ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে মারাত্মক ঝুঁকিতে রয়েছে ৪৫০-এর অধিক। অনেকেই বলছেন এ সংখ্যা ৬২২।
এ অবস্থায় রাজধানীর মার্কেটগুলো সার্ভে করার উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার ফায়ার সার্ভিস, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি ও প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের একটি সমন্বিত দল গাউছিয়া মার্কেট পরিদর্শনে যায়। সেখানে গিয়ে নানা ক্রুটি বিচ্যুতি দেখতে পায় ওই দল।
এমন অসংখ্য ভবন ও মার্কেটগুলোতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সতর্কতা করা হলেও কর্ণপাত করছেন না কেউ। যার প্রকৃত উদাহরণ রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন। আর পুরান ঢাকার নিমতলী, চুড়িহাট্টা, সিদ্দিকবাজারের ক্যাফে কুইন ভবনের অগ্নিকাণ্ড দেখেও কেন যে ঝুঁকিপূর্ণ ভবনের ব্যবসায়ীরা উদাসীন থাকেন- সেই প্রশ্ন থেকেই যায়।
ইউএইচ/এইচআই