ডেস্ক রিপোর্ট

বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর


০৪ এপ্রিল ২০২৩ ১২:২৩



প্রতি বিঘা জমিতে সূর্যমুখী চাষে ১২-১৫ হাজার টাকা খরচ, লাভ ৩ গুণ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট, বেঙ্গলনিউজ টোয়েন্টিফোর

০৪ এপ্রিল ২০২৩ ১২:২৩


ছবি: বেঙ্গল নিউজ টোয়েন্টিফোর

এ যেন বিশালাকৃতির হলুদ গালিচা। দূর থেকে এমনটা মনে হলেও আসলে এটি হলুদ সূর্যমুখীর মায়াবী রূপ। পটুয়াখালীর কলাপাড়ায় বিস্তৃত মাঠজুড়েই দৃশ্য। উপজেলার প্রতিটি ইউনিয়নে কম-বেশি চাষ হয়েছে সূর্যমুখীর। সূর্যমুখী ফুলের তেল স্বাস্থ্যসম্মত ও বিভিন্ন রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। ভোজ্যতেলের মূল্যবৃদ্ধিতে বিকল্প পদ্ধতি ও অধিক লাভের আশায় প্রতিবছরই সূর্যমুখী চাষ বাড়ছে বলে মনে করছে উপজেলা কৃষি বিভাগ।

কম খরচে অধিক ফলন ও লাভবান হওয়ায় কৃষকরা সূর্যমুখী চাষে আগ্রহ বাড়াচ্ছেন। স্থানীয় কৃষকরা বলছেন, প্রতি বিঘা জমিতে ১২ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন ভালো হবে। এতে তারা সুর্যমূখীর বিচি ৩ হাজার ৫০০ টাকার উপরে মণপ্রতি বিক্রি করতে পারবেন। তবে স্থানীয়ভাবে এ বিচ থেকে তেল উৎপাদনের সুযোগ থাকলে তারা আরও লাভবান হতেন বলে জানান।

উপজেলা কৃষি অফিস বলছে, এ বছর মোট ৫৮০ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। এর মধ্যে হাইসান-৩৩ ও বারি সূর্যমুখী জাতের ফুলের চাষ বেশি করেছেন কৃষকরা। তবে গত বছরের তুলনায় এ বছর প্রায় ১০০ হেক্টর জমিতে এ ফুলের চাষ বেশি হয়েছে।

কৃষি প্রণোদনার আওতায় ১৮০০ কৃষককে ১ কেজি করে সূর্যমুখীর বীজ ও পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া হয়েছে। আগামীতে আরও ১ হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আনা হবে বলে জানান ওই কর্মকর্তা।

ইউএইচ/এইচআই